ইরান যুদ্ধের সমর্থনে ন্যাটোর কিছু সদস্য দেশের অনীহায় চরম ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্র তার মিত্রদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে। পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেইলের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন সামরিক অভিযানে অসহযোগিতার কারণে স্পেনকে ন্যাটো থেকে সাময়িকভাবে বহিষ্কার করা এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর ব্রিটেনের দাবির বিষয়ে মার্কিন অবস্থান পুনর্বিবেচনা করার মতো বিষয়গুলো এখন ওয়াশিংটনের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচিত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই ইমেইলে মূলত ইউরোপীয় মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের গভীর হতাশা ফুটে উঠেছে।
বিশেষ করে ইরান যুদ্ধের সময় মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহার, আকাশসীমা ব্যবহার এবং অন্যান্য লজিস্টিক সুবিধা প্রদানে অস্বীকৃতি জানানোয় পেন্টাগন এই চরম পদক্ষেপের কথা ভাবছে।
ইমেইলটিতে উল্লেখ করা হয়েছে, ন্যাটোর মতো জোটে থাকলে ন্যূনতম এই সহযোগিতাগুলো করা বাধ্যতামূলক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই হরমুজ প্রণালি উন্মুক্ত করতে ইউরোপীয় দেশগুলো তাদের নৌবাহিনী পাঠাতে ব্যর্থ হওয়ায় তীব্র সমালোচনা করেছেন। এমনকি তিনি ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়েও ইঙ্গিত দিয়েছেন।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য অনেক কিছু করলেও প্রয়োজনের সময় তাদের পাশে পাচ্ছে না।