ইবনে ফরহাদ তুরাগ: রাজধানীর উত্তরায় অবৈধ গ্যাস সংযোগ তদন্ত করতে গিয়ে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক রাকিবুল হাসান শান্তকে প্রকাশ্য রাস্তায় নির্মমভাবে মারধর করা হয়েছে। হামলাকারীদের হাতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে কুয়েত বাংলাদেশ–চীন মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুসলিম হোটেলে গ্যাস আইন, ২০১০-এর ধারা ১৯ ও ২০ লঙ্ঘন করে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে ব্যবসা পরিচালনার অভিযোগ ছিল। মঙ্গলবার সাংবাদিক রাকিবুল হাসান শান্তসহ কয়েকজন সংবাদকর্মী তথ্য সংগ্রহ ও ভিডিও ফুটেজের উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে হোটেল কর্তৃপক্ষ পূর্বপরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হোটেলের মালিক খোকন ও তার সহযোগীরা আশপাশের লোকজন জড়ো করে একটি অবৈধ সমাবেশ (মব) তৈরি করেন। এরপর সাংবাদিককে রাস্তায় বসিয়ে লাঠি, দেশীয় অস্ত্র এবং নির্মম মারধর করা হয়। একপর্যায়ে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এই হামলাকে দণ্ডবিধি, ১৮৬০-এর ধারার (১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩/৩২৪/৩২৫, ৫০৬, ৩৪) অধীনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।
স্থানীয় সাংবাদিকরা দ্রুত পুলিশকে খবর দেন। উত্তরা পশ্চিম থানা পুলিশের সহায়তায় আহত সাংবাদিককে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ–চীন মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি রোধে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেছেন।
স্থানীয়দের অভিযোগ, হোটেল মালিক খোকন নিজেকে আওয়ামী লীগ নেতা ও প্রভাবশালী সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন এলাকার প্রভাব বিস্তার করছেন। এই প্রভাবের আড়ালেই তিনি সরকারি গ্যাস অবৈধভাবে ব্যবহার করে ব্যবসা চালাচ্ছিলেন। প্রশ্ন তুললে পূর্বেও সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
হামলার ঘটনায় উত্তরা প্রেসক্লাবের এক অংশের সভাপতি ও কিছু সাংবাদিকের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগও উঠেছে। সাংবাদিক সমাজের মতে, এটি হামলার দায় এড়িয়ে যাওয়ার এবং তদন্ত প্রভাবিত করার একটি চেষ্টা।
উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সারাদেশের পেশাদার সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে দ্রুত মামলা রুজু, হামলাকারীদের গ্রেপ্তার, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় দু’পক্ষের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে৷ দুপক্ষেই সাংবাদিক রয়েছে। ঘটনা তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার পরামর্শে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইবনে ফরহাদ তুরাগ 












