অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে একজন ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী আখ্যা দিয়ে তার দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি দেওয়া এক বিস্ফোরক বক্তব্যে তিনি এই দাবি জানান।
সাবেক এই উপদেষ্টাকে ‘দুই নম্বর লোক’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, আসিফ নজরুল সরকারের ভেতরে নানা জটিলতা তৈরি করেছেন এবং নিজের দেওয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি।গণমাধ্যমে দেওয়া ওই বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, শিক্ষক হিসেবে ড. আসিফ নজরুলকে তিনি সম্মান করলেও রাজনৈতিক বা প্রশাসনিক ব্যক্তি হিসেবে তার ওপর তীব্র ক্ষোভ রয়েছে। পাটওয়ারীর দাবি, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরই তৎকালীন রাষ্ট্রপতিকে পদ থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে আসিফ নজরুল তাকে নিশ্চিত ও আশ্বস্ত করেছিলেন।
কিন্তু পরবর্তীতে তিনি সেই দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি। মূলত এই কারণেই আসিফ নজরুলকে তিনি সহ্য করতে পারেন না বা দেখতে পারেন না বলে সরাসরি জানান।সাবেক এই আইন উপদেষ্টার বিরুদ্ধে সরকার গঠনের শুরুর লগ্নে বিভিন্ন বিষয়ে গোপনে ‘ভেতরে ভেতরে ঘুঁটি খেলার’ বা কূটচালের অভিযোগও তোলেন জাতীয় নাগরিক পার্টির এই শীর্ষ নেতা।
তার দাবি অনুযায়ী, আন্দোলনের পর রাষ্ট্র পরিচালনার ঘোষণাপত্র এবং বহুল আলোচিত ‘জুলাই সনদ’ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার সময় আসিফ নজরুল নানা ধরনের পরিবর্তনের চেষ্টা চালিয়েছিলেন।বক্তব্যে সরকার গঠনের দিনগুলোর স্মৃতিচারণ করে এনসিপির এই সমন্বয়ক বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর নতুন সরকার গঠনের পুরো প্রক্রিয়ায় আসিফ নজরুল বিভিন্ন জায়গায় উপস্থিত ছিলেন।
সেনানিবাসে যাওয়ার সময় আসিফ নজরুল নিজেকে ছাত্র প্রতিনিধিদের একজন হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে বঙ্গভবনে যাওয়ার পর তাকে ভেতরে প্রবেশ করতে না দিয়ে বাইরে বসিয়ে রাখা হয়েছিল।
পাটওয়ারীর দাবি, সেদিন আসিফ নজরুল যদি ভেতরে যেতে পারতেন বা হস্তক্ষেপ করতে পারতেন, তবে ওই দিন অন্তর্বর্তী সরকার গঠনই ব্যাহত হতো।এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারে থাকাকালীন সময়ে আসিফ নজরুলের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের প্রসঙ্গ টেনে তীব্র কটাক্ষ ও সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সময়ে একজন উপদেষ্টার ছাগল বা গরু পালতে যাওয়ার কী প্রয়োজন ছিল, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে সরাসরি প্রশ্ন তোলেন তিনি।