নিজস্ব প্রতিবেদক: প্রবাসে থাকা হারুনের বাড়ি যেন এখন দখলদারদের টার্গেট! কুমিল্লার মেঘনায় জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা ও জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। হামলায় নারী সদস্যদের আহত করারও অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের।
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পাশের বাড়ির হক সাহেবের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি তাদের বাড়িতে হামলা চালান এবং বাড়ি দখলের চেষ্টা করেন।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি জমির দখল ও মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।
বিরোধের বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে গ্রামের পাঁচজন ব্যক্তি দলিলপত্র যাচাই করে আমিনের মাধ্যমে জমি মাপজোক করেন এবং সংশ্লিষ্ট মালিককে জায়গা বুঝিয়ে দেন বলে দাবি পরিবারের।
তবে স্থানীয় মাতব্বরদের উদ্যোগ এবং আমিনের মাপজোকের বিষয়টি অভিযুক্ত পক্ষ মেনে নেয়নি বলে অভিযোগ রয়েছে।
এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে মেঘনা থানার পক্ষ থেকে স্থানীয় পাঁচজন মাতব্বরকে নিয়ে বসে বিরোধটি সমাধানের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।
জানা যায়, সংশ্লিষ্ট পক্ষগুলো বিষয়টি বৈঠকের মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়ে সেখান থেকে চলে যান। কিন্তু এর মধ্যেই প্রবাসী হারুনের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, হামলার সময় হক সাহেবের সঙ্গে সুমন, পিতা—মৃত আফাজ উদ্দিন; শাহজালাল, পিতা—মৃত আফাজ উদ্দিন এবং আলমগীর হোসেন, পিতা—মৃত রমিজ উদ্দিনসহ আরও কয়েকজন ব্যক্তি ছিলেন। তারা বাড়িতে প্রবেশ করে হামলা ও দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
হামলার ঘটনায় কয়েকজন নারী আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ঘটনার পর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবাসী হারুনের অনুপস্থিতিতে পরিবারের নারী ও অন্যান্য সদস্যরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলেও দাবি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধ থাকলেও তা আইনগত ও শান্তিপূর্ণভাবে সমাধানের সুযোগ রয়েছে। কিন্তু স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ চলমান থাকা অবস্থায় বাড়িতে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
পরিবারের পক্ষ থেকে মেঘনা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং জমি ও বাড়ি নিয়ে বিরোধের আইনসম্মত নিষ্পত্তির দাবি জানানো হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত হক সাহেব ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথভাবে প্রতিবেদনে সংযোজন করা হবে।
ইএসবি/নিউজ